কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে ছয় প্রতিবন্ধী ব্যক্তির চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (২২ নভেম্বর) সকালে জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, অনেকেই মনে করেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা। এ ধরনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাঁদের যথাযথ সুযোগ ও সহযোগিতা দিতে পারলে তাঁরা সমাজের সম্পদে পরিণত হতে পারেন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। জেলা পরিষদের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ সেই উদ্যোগেরই অংশ। আমরা চাই, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা হয়ে না থেকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠুন। তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও আমরা কাজ করে যাচ্ছি।
সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশ আরও সুন্দর হবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিরাও নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার সুযোগ পাবেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী সহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















