খুলনা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কঠোর অবস্থানে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব। ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে জেলা যুবদলের নেতাদের তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি জমা দিতে ব্যর্থ হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির পক্ষ থেকে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই সময় পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি জেলা যুবদল।
এ অবস্থায় বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে দেখছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। চিঠিতে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। অন্যথায় সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়।





















