খুলনার তেরখাদা উপজেলার উত্তর মোকামপুর এলাকায় মাফিজুর রহমান (৪৭) নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর বাম হাত, ডান পা ও বাম পাঁজরের নিচে গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মাফিজুর রহমান মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে মাফিজুর রহমান মোকামপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি শরীরের তিন স্থানে গুলিবিদ্ধ হন। গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।





















