মো. আরফান হোসেন বাবর, হোসেনপুর,কিশোরগঞ্জ ( সংবাদদাতা):
বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ ঘটিকায় হোসেনপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে রুকনদের মতামতের ভিত্তিতে পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
পবিত্র কুরআন থেকে মাওলানা আজহার-এর সুমধুর তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উপজেলা আমীর মো. আমিনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রাজ্জাক গাফুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মো. আজহারুল ইসলাম বুলবুল, উপজেলা নায়েবে আমীর এডিএম মুহিবুল্লাহ এবং উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আরফান হোসেন বাবর। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও বিপুলসংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনে উপজেলা আমীরের নেতৃত্বে রুকনদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নবনির্বাচিত দায়িত্বশীলরা হলেন:
- পৌরসভা সভাপতি: মো. রহমত আলী
- ১ নং জিনারী ইউনিয়ন: মো. মঞ্জুরুল হক
- ২ নং সিদলা ইউনিয়ন: মো. লুৎফর রহমান
- ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন: মাওলানা শামসুর রহমান
- ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়ন: মাওলানা শায়খুল ইসলাম নোমান
- ৫ নং শাহেদল ইউনিয়ন: মাওলানা মাহবুবর রহমান
- ৬ নং পুমদী ইউনিয়ন: মাওলানা আব্দুল মোমিন
প্রধান অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রাজ্জাক গাফুরী বলেন, দ্বীন প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনে কর্মীদের আরও ঐক্যবদ্ধ, নিষ্ঠাবান ও আত্মত্যাগী হতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তিনি আগামী ২৫ নভেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে সব ইউনিয়ন কমিটি পূর্ণাঙ্গ করার জোর নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা আমীর মো. আমিনুল হক নবনির্বাচিত দায়িত্বশীলদের মোবারকবাদ জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, “আল্লাহর আইন ও রাসুল (সা.)-এর আদর্শের ভিত্তিতে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাই আমাদের লক্ষ্য। দায়িত্বশীলদের তাকওয়া, ধৈর্য ও আমানতদারিতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেন মানুষের কল্যাণে আমরা প্রকৃত খাদেম হিসেবে ভূমিকা রাখতে পারি।”
সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় উপজেলা সেক্রেটারি মো. আজহারুল ইসলাম বুলবুল-এর দোয়া পেশের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।





















