বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে কৃষিতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের প্রয়োজনীয় পণ্য নিজেদের উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পেঁয়াজের ক্ষেত্রে বাংলাদেশকে এখন আর আমদানিনির্ভর থাকতে হয় না। ভারত যেসব বিষয় নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ করে, সেসব ক্ষেত্রেই নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে দেশের প্রয়োজনীয় পণ্য দেশেই উৎপাদন করতে হবে।
তিনি আরও বলেন, লবণে আয়োডিন মেশানোর জন্য ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে প্রতিবছর প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এই আমদানিনির্ভরতা কমাতে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি।
কৃষকদের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। এর পেছনে কৃষকদের শ্রম ও অবদান সবচেয়ে বেশি। তবে বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ফসল উৎপাদন করতে হবে, যাতে অতিরিক্ত উৎপাদনের কারণে কৃষকদের লোকসানে পড়তে না হয়।
তিনি জানান, বগুড়া-২ আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করতে রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করা হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা।





















