কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়। দানবাক্সে স্বর্ণের চামচ ও বাটি পাওয়ার ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকাল সাতটার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। এরপর বাক্সগুলো থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে নগদ টাকার মধ্যে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান পাওয়া যায়।
প্রায় চার মাস ২৪ দিন পর এবার পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। বাক্সগুলো থেকে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত গণনা করা টাকা থেকে ১০ কোটি টাকা রুপালী ব্যাংকে পাঠানো হয়েছে।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।





















