কুষ্টিয়ার কুমারখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে চালককে মারধর করে ৫ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। এসময় ভাঙচুর করা হয় চালকের মোবাইল ফোনও। শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের গড়ের মাঠের ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
আহত চালক মো. ইমদাদুল হক ইভন (২৬) বুজরুক দুর্গাপুর গ্রামের এমরান হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সেনগ্রাম যাওয়ার পথে গড়ের মাঠ ব্রিজ এলাকায় একটি প্লাটিনা ও একটি কালো পালসার মোটরসাইকেলে থাকা পাঁচ ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ পরিচয়ে তার গাড়ির গতিরোধ করেন। পরে তাকে নামিয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে পকেট ও গাড়িতে থাকা ৫ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেন। এ সময় তার মোবাইল ফোনটিও ভেঙে ফেলে পালিয়ে যান তারা। এঘটনায় ভুক্তভোগী চালক কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়দের দাবি, গড়ের মাঠ এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধ আরও বাড়তে পারে।
কুমারখালী থানার (ওসি) জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





















