মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান জেলার লামা উপজেলার পাশ ঘেষে বয়ে চলা মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামের এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নদীর মিনঝিরি এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মংচেসা মার্মা উপজেলার গজালিয়া ইউনিয়নের মিজঝিরি পাড়ার বাসিন্দা মৃত পাইংসাউ মার্মার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি এলাকায় শুকুর/বন্যহাতির উপদ্রব থেকে বাগান ও ফসল রক্ষায় স্থানীয়ভাবে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এর অংশ হিসেবে স্থানীয় এক ব্যক্তি হাতি তাড়ানোর জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাতের কোন এক সময় মংচেসা মার্মা ব্যাঙ ধরতে গেলে বৈদ্যুতিক ফাঁদে পড়ে মৃত্যু হতে পারে। পরে হয়ত বাগান মালিক অভিযোগ থেকে বাঁচতে মংসেচা মার্মার মরদেহটি মাতামুুহরী নদীতে ফেলে দেয়। পরে শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, প্রাথমিক সূরতহাল শেষে মংচেসা মার্মার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, হাতি তাড়ানোর জন্য বিশেষ বৈধ্যতিক ফাঁদ পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।




















