শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপি কর্তৃক জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং শাড়ি জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’ টাকা।
ফেনী বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।




















