শেখ সুমন আলী ফকিরহাট প্রতিনিধি:
বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রোববার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র।
এর আগে, ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন এ পথে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ সময় পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও পণ্যের শুল্কায়নের কাজ স্বাভাবিক ছিল। একই সঙ্গে বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাকগুলো নিজ দেশে ফিরে গেছে।
তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী, শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও সার্ভারের সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পচনশীল কিছু পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ভারত থেকে মাত্র ৬২ ট্রাক পণ্য আমদানি করা হয় এবং বাংলাদেশ থেকে ভারতে ৩৬ ট্রাক পণ্য রপ্তানি করা হয় বলে জানান কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে রোববার বন্দর ও কাস্টম হাউসের কার্যক্রম শুরু হওয়ায় গোটা বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তিনি আরও জানান, ছুটির কারণে সীমান্তের দুই পাশে পণ্যজট সৃষ্টি হয়েছিল। আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় ট্রাকজট কমতে শুরু করেছে। রোববার বন্দর থেকে পণ্য খালাস শুরু হওয়ায় পণ্যজটও কমছে। বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজে দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও সার্ভারের সমস্যার কারণে তা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। সাপ্তাহিক ছুটি শেষে রোববার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। কাস্টমস ও বন্দরের যেসব কর্মকর্তা-কর্মচারী ছুটিতে গিয়েছিলেন, তাঁরা সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন।
তিনি আরও জানান, ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি করা পণ্য দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।




















