মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ ও ও দেশের সমবায় সেক্টরে একমাত্র ‘ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত’ সমবায় সমিতি বান্দরবান জেলার লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা ঝাঁকঝমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকাল থেকে শত শত সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে বিদ্যালয় মাঠ। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম। মৌচাক’র প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও সংস্থার চেয়ারম্যান আব্দুর শুক্কুরের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মৌচাক কো-অপারেটিভ লিমিটেড’র শরীয়াহ কমিটির সভাপতি আ.ক.ম আবদুল কাদের প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ইসলামি ব্যাংক বাংলাদেশ’র সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, কালব্ লিমিটেড’র সাবেক ডিরেক্টও মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ ও মো. শফিউল আলম, সাবেক ডিজিএম মো. ফিরোজ আলম। এ সময় অন্যদের মধ্যে ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ ইয়াহিয়া সাবেক সভাপতি ও সদস্য মাও: মোহাম্মদ আজিজুল হক, সাবেক সভাপতি ডা: মো. জাহাঙ্গীর আলম ও সেক্রেটারী মাস্টার হাবিবুর রহমান।
সবশেষে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হন এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো.আব্দুর রহিম ও গোলাম সরোয়ার। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
সাধারণ সভায় সভাপতির স্বাগত বক্তব্যে বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী হাবিবুর রহমান। পরে ২০২৫-২৬ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। প্রসঙ্গত, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার। সমবায় সমিতি’র উজ্জ্বল আরেক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা চলমান বলে জানা গেছে।
এ বিষয়ে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আগামীতে আরো নতুন নতুন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে মৌচাক এগিয়ে যাবে এই আমাদের স্বপ।





















