পটুয়াখালী প্রতিনিধি:
ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে দুই দিন ব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার বিকাল সাড়ে চারটায় লেম্বুর বন সৈকতে এসব উৎসব অনুষ্ঠিত হয়। এসময় শরতের আকাশে উড়ানো হয় রং-বেরংয়ের ঘুড়ি। মুহুর্তেই ঘুড়ির বর্ণিল উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আনন্দে মাতেন
সব বয়সের মানুষ।
এছাড়া একই স্থানে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রং-তুলির আঁচড়ে সাদা ক্যানভাসে শিশুরা ফুটিয়ে তোলে বিভিন্ন পর্যটন স্পট ও ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন দর্শনীয় স্থানের নান্দনিক সব চিত্র। তাদের সৃজনশীলতায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে উপস্থিত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত,পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সহ প্রশাসনের উচ্চাপর্যায়ের কর্মকর্তারা। এর আগে সকালে বীচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্নিভাল অনুষ্ঠানের শুরু হয়। রাতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহনে সৈকতে কনসার্ট এবং সকালে বীচ ম্যারাথন ও পিঠা উৎসবসহ নানা আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। তবে এ উৎসব ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছে ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় মাঠে তৎপর রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।




















