ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর মাশাইল এলাকার ধলেশ্বরী ও কালিগঙ্গা নদীর সংযোগস্থলে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী দৌলতপুর নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। ২৩ অক্টোবর (শুক্রবার) দুপুরে টানা দ্বিতীয়বারের মতো এই বিশাল উৎসবের আয়োজন করা হয়। ঢোলের তালের সাথে বৈঠার ছপছপ শব্দ আর মাল্লাদের জারি-সারি গানে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা।
দেশী-প্রবাসী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ:
দৌলতপুর গ্রামবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এবং জাতীয় নৌকা বাইচ ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে এবং গ্রামীণ আনন্দকে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।
নদীতীরে উপচে পড়া ভিড়:
বর্ণিল এই আয়োজন দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়ে সমবেত হতে থাকেন হাজার হাজার দর্শনার্থী। শুধু নবাবগঞ্জই নয়, পাশের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকা থেকেও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী মানুষ ট্রলার, নৌকা এবং ইঞ্জিনচালিত বোট নিয়ে নদী বক্ষে ভিড় জমান। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের আনন্দ-উচ্ছ্বাসে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও পুরস্কারের চমক:
প্রতিযোগিতায় ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের বিভিন্ন নামকরা বাইচের নৌকা অংশ নেয়। এর মধ্যে ‘মামা ভাগ্নে’, রহিম মাঝির নৌকা তুফান মেইল’ ও ‘বুলেট’ এর মতো বেশ কিছু সুপরিচিত ও বড় বড় ঘাসি নৌকা তীব্র গতিতে একে অপরকে টেক্কা দেয়। প্রতিটি রেসের সময়ই নদীর দুই পাড়ে করতালি আর স্লোগানে দর্শনার্থীরা নিজেদের পছন্দের নৌকাকে উৎসাহ দিতে থাকেন।




















