রাজন্য রুহানি, জামালপুর : ছেলের বাড়িতে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মা। হয়তো ছেলের মুখ দেখবেন, পরিবারের সঙ্গে কাটাবেন কিছুটা সময়। কিন্তু পথেই ঘটল মর্মান্তিক পরিণতি। ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত সিএনজি থেকে সড়কে ছিটকে পড়ে প্রাণ হারালেন তিনি। তাঁর আর ছেলের বাড়িতে যাওয়া হলো না, ফেরা হলো না স্বজনদের কাছে।
২৩ অক্টোবর সকালে বেদনাবিধুর এ ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নলিন বাজার এলাকায়।
নিহত গৃহবধূ কমলা বেগম (৫০) সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে এবং সাকের আলীর স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে ছেলের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হয়েছিলেন তিনি। পথে নলিন বাজার এলাকায় পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর সাইড ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। আকস্মিক ওই টানে ভারসাম্য হারিয়ে চলন্ত সিএনজি থেকে পাকা সড়কে ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইকবাল হোসেন জানান, এরকম কোনো ঘটনা সরিষাবাড়ীতে আজ ঘটেনি।




















