স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার শহরতলি এলাকায় হোমিওপ্যাথি ফার্মেসির আড়ালে রেক্টিফাইড স্পিরিট (অ্যালকোহল) বিক্রির অভিযোগে মো. আলতাফ হোসেন (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি বগুড়ার কাছে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁর দখলে থাকা ‘আল মাহফিল’ নামের হোমিও ফার্মেসির একটি টেবিলের ড্রয়ার থেকে ২৫টি লেবেলবিহীন কাচের বোতলে মোট ৭৫০ মিলিলিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ছাড়া স্পিরিটের ৭৫টি লেবেলবিহীন খালি কাচের বোতলও জব্দ করা হয়।
গ্রেপ্তার আলতাফ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত কছির উদ্দিন আহম্মেদ এবং মা মৃত আয়েশা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেক্টিফাইড স্পিরিট সংগ্রহের উৎস সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।




















