লক্ষ্মীপুর প্রতিনিধি :
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, ‘এই ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শনের মাধ্যমে বিএনপিতে এই সম্প্রীতির চর্চা গড়ে তুলেছেন। আমাদের রাজনীতিতে কোনো ভেদাভেদ নেই, অতীতেও ছিল না।’
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং নারীশক্তির প্রতি বন্দনা—শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে এসব বার্তা তুলে ধরা হয়। মানবকল্যাণের মধ্যেই এ উৎসবের মূল তাৎপর্য নিহিত।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলে সম্প্রীতি ও শান্তির সঙ্গে এ সমাজে বসবাস করছি। যেকোনো বিপদে-আপদে আপনারা আমাকে পাশে পাবেন।’
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব, থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, মান্দারী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দিলীপ দেবনাথসহ স্থানীয় নেতারা।




















