হবিগঞ্জ প্রতিনিধি:
কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার দুপুর ১:০০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত চুনারুঘাট সরকারি কলেজের সামনে এ অভিযান চালানো হয়। সরকারি আদেশ অমান্য করায় ৫ জন ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে মেলার প্রধান ফটক ও বিভিন্ন দোকানের সব ধরনের কাঠামো অপসারণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, চুনারুঘাট সরকারি কলেজের সামনে প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই স্থানীয় কিছু ব্যক্তি একটি বাণিজ্য মেলার আয়োজন করে আসছিল।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে মেলা সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল।
অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মেলার কার্যক্রম অব্যাহত রাখায় আজ এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৫ জনকে আটক করে প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেলা প্রাঙ্গণে আয়োজকদের তৈরি করা বিভিন্ন আকর্ষণীয় গেট ও অস্থায়ী দোকানের কাঠামো গুঁড়িয়ে দিয়ে মেলা বন্ধ করে দেয় প্রশাসন।
অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি দল, আনসার সদস্যগণ এবং চুনারুঘাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলার সর্বসাধারণকে কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ব্যতীত যেকোনো ধরনের স্থানীয় মেলা বা বাণিজ্য মেলা পরিচালনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানানো হয়।




















