ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ১ হাজার ৭০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ কর্মসূচির আওতায় গত ১৬ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে ফুলবাড়ী উপজেলার চওড়াটারী এলাকায় বালারহাট বিওপির একটি টহলদল অভিযান চালায়। অভিযানে ১০০ পিস ইয়াবা, ৯৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস বাইসাইকেলের বিবি সেট জব্দ করা হয়।
এর পরদিন ১৭ অক্টোবর সকাল ৮টার দিকে উপজেলার কুটি চন্দ্রখানা এলাকায় গংগারহাট বিওপির টহলদল পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় আরও ১ হাজার ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মাদক ও অন্যান্য সামগ্রীর পৃথক বাজারমূল্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




















