পঞ্চগড় প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো এক চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দর সংশ্লিষ্টদের যৌথ সিদ্ধান্তে সাময়িকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমরা চিঠি পেয়েছি। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’
তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।




















