রাজশাহী মহানগরীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আল আমিন (৪৩) এবং তাঁর স্ত্রী মোছা. সীমা খাতুন (৩৮)। আল আমিন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত কাবিলের ছেলে। তাঁর স্ত্রী সীমা খাতুন একই এলাকার মো. আমিনুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই শিক্ষক দম্পতিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আল-আমিন পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি নাকচ করে বলেন, রাস্তার ওপর ওই দম্পতিকে আটকের সময় আশপাশে তেমন কাউকে দেখা যায়নি। ওই শিক্ষিকার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১০টি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট দুই হাজার পিস ইয়াবা ছিল।
কাশিয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই হাজার পিস ইয়াবাসহ ওই শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মামলার পর গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















