ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপের মাঝে সরকারি জিআর চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, ফুলবাড়ীর উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ বরাদ্দপত্র বিতরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ফ্রন্টের সভাপতি অমল চন্দ্র বর্মন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুকুমার সেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এবং এনসিপির সদস্য সচিব আব্দুল লতিফ।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে সরকারি জিআর চালের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।




















