ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় ভূট্টু মিয়া (৪৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার ভোররাতে সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা।
গ্রেফতার ভূট্টু মিয়া নাগেশ্বরী উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মৃত ছবের মোল্লার ছেলে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযান, জব্দকৃত মালামালের পরিমাণ এবং একজনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।




















