বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হুগলি এলাকায় এ সভার আয়োজন করেন কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল।
সভায় দলীয় ঐক্য জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
কুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি, মাদারীপুর কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান খান অহিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমান এবং পৌর বিএনপির সমন্বয়ক আসাদুজ্জামান খান কিচলু।
প্রধান অতিথির বক্তব্যে মর্তুজা আলম ঢালী বলেন, বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব। এ সময় তিনি মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে সবাইকে মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানান।
সভায় আয়োজক ও কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল বলেন, “আমি আপনাদের কাছে এসেছি শুধু দোয়া, ভালোবাসা ও সমর্থন নিতে। আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। যেকোনো আপদে-বিপদে আপনারা আমাকে পাশে পাবেন।”
তিনি আরও বলেন, “আমি এখানে শুধু চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসিনি, আপনাদের ভাই হিসেবে এসেছি। অতীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও থাকতে চাই। আপনারা যদি আমাকে সমর্থন করেন এবং ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করে এম এ জলিল বলেন, দলের সিদ্ধান্তই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। দল তাঁকে যে দায়িত্বই দিক না কেন, তিনি মানুষের পাশে থেকে সেবা করতে চান। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করতে চান না বলেও জানান তিনি। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।




















