স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী এসি স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। এ ঘটনায় বিপ্লব ইসলাম (৩৬) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়।
মহাসড়কে অভিযান
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে দিনাজপুরগামী এভারগ্রীন ট্রাভেলসের একটি এসি স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনে বসা যাত্রী বিপ্লব ইসলামের দেহ ও তাঁর আসনের ওপরের পাশে থাকা এসির নক কভার তল্লাশি করে কালো টেপে মোড়ানো দুটি পুঁটলি উদ্ধার করা হয়।
উদ্ধার ১০ হাজার ৬০০ পিস ইয়াবা
উদ্ধার করা পুঁটলি থেকে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাবলেটগুলোর মোট ওজন ১ দশমিক ৬০ কেজি।
এ ঘটনায় বিপ্লব ইসলামকে গ্রেপ্তারের পাশাপাশি একটি সিমকার্ডসহ ভিভো ওয়াই২১ মডেলের মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ এবং মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।





















