সরকার শাহাদত হোসেন
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে গাইবান্ধায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার স্থানীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এ বছর গাইবান্ধা জেলায় মোট ৬৩২টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়িয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাচাই না করে কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।




















