শাহিন জামান, লালমনিরহাট প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে। এ বিষয়ে পাঠানো চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে হস্তান্তর করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত সাত দিন পণ্য পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না। ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।




















