মাদারীপুরে আধুনিক জেনারেল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০০ জন অসচ্ছল ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. কাজী আবুল বাসার।
দিনব্যাপী ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেন। এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক ও আলসার, জন্ডিস, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। পরে প্রয়োজন অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আধুনিক জেনারেল হাসপাতালে স্বল্প খরচে বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, ডায়াগনস্টিক সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. কাজী আবুল বাসার বলেন, “অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে এলে দরিদ্র মানুষ আরও বেশি উপকৃত হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।”
আয়োজকরা আরও জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।





















