আনোয়ারুল ইসলাম রনি রংপুর:
দীর্ঘ ৪১ বছর মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শেষে প্রবীণ মুয়াজ্জিন আবু তাহেরকে (৬৫) ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছেন এলাকাবাসী। তার দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে তাকে সম্মাননা দেওয়া হয়। পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় জানান স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। ব্যতিক্রমী এই বিদায়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুমা রংপুরের গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদে আবু তাহেরের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
জানা যায়, আবু তাহের দীর্ঘ ৪১ বছর ধরে গুপ্তপাড়া ওয়াকফ জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই সময়ে নিয়মিত আজান দেওয়ার পাশাপাশি মসজিদের বিভিন্ন দায়িত্বও পালন করেছেন তিনি। তার কণ্ঠের আজানের সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের স্মৃতি ও আবেগ জড়িয়ে রয়েছে।
৪১ বছর দায়িত্ব পালনের পর বিদায়ের দিনে মসজিদ প্রাঙ্গণে আবু তাহেরকে সম্মাননা জানান এলাকাবাসী। পরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তাকে তুলে দিয়ে বিদায় জানানো হয়। এমন ব্যতিক্রমী বিদায় দেখতে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
মসজিদের সেক্রেটারি মমতাজ জাহির আহমেদ (৭০) বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে আবু তাহের সাহেব এই মসজিদে দায়িত্ব পালন করেছেন। আজ আমরা একজন অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান মুয়াজ্জিনকে বিদায় দিলাম। তার চলে যাওয়ায় আমাদের খুব খারাপ লাগছে। আমি তার বাকি জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। তিনি সবসময় সুস্থ ও ভালো থাকুন। ভবিষ্যতে তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা রবিউল ইসলাম (৫৫) বলেন, “প্রায় ২৭ বছর ধরে এই মসজিদে দায়িত্ব পালন করছি। এর মধ্যে দীর্ঘ একটা সময় আবু তাহের ভাইকে পাশে পেয়েছি। কত নামাজ, কত আজান, কত স্মৃতি—সবকিছুতেই তিনি ছিলেন। আজ তাকে বিদায় দিতে গিয়ে সত্যিই খুব কষ্ট হচ্ছে। কথা বলতে গেলেই চোখে পানি চলে আসছে। এতদিন একসঙ্গে দায়িত্ব পালন করেছি, আজ থেকে অনেকটা একা একা লাগবে। আল্লাহ তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং তার দীর্ঘদিনের দায়িত্ব পালন কবুল করুন।”
আবু তাহেরের স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে মসজিদে দায়িত্ব পালন করছেন নবাগত মুয়াজ্জিন হাফেজ মো. মেরাজুল ইসলাম (২০)। তিনি বলেন, “আবু তাহের চাচা যেভাবে দীর্ঘদিন এই মসজিদে দায়িত্ব পালন করে আজ সম্মানের সঙ্গে বিদায় নিলেন, তা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমিও যেন তার মতো আজানের ধ্বনিতে মানুষকে নামাজের দিকে আহ্বান করতে পারি। আর একদিন আমিও যেন তার মতো সম্মানের সঙ্গে এই মসজিদ থেকে বিদায় নিতে পারি—এটাই আমার দোয়া।”

বাংলার চোখ স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী বলেন, “আবু তাহের সাহেব দীর্ঘ ৪১ বছর এই মসজিদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এত দীর্ঘ সময় একটি মসজিদে দায়িত্ব পালন করা সত্যিই গর্বের বিষয়। আজ এলাকাবাসী যেভাবে ভালোবাসা ও সম্মানের সঙ্গে তাকে বিদায় দিয়েছেন, এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার একটি সুন্দর দৃষ্টান্ত। তার মতো একজন প্রবীণ মানুষকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ তাকে সুস্থ ও সুন্দর জীবন দান করুন এবং আগামীর দিনগুলো শান্তিতে কাটানোর তৌফিক দিন।”
বিদায়ী প্রবীণ মুয়াজ্জিন আবু তাহের (৬৫) বলেন, “৪১ বছর এই মসজিদে দায়িত্ব পালন করেছি। এই মসজিদ আর এখানকার মানুষ আমার জীবনের একটি অংশ হয়ে গেছে। আজ সবাই যেভাবে ভালোবাসা ও সম্মান দিয়ে আমাকে বিদায় দিয়েছেন, তা কোনোদিন ভুলতে পারব না। বিদায় নিতে কষ্ট হচ্ছে। এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটাই আমার জীবনের বড় পাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।”
এলাকাবাসী জানান, দীর্ঘ ৪১ বছর মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করায় আবু তাহেরের সঙ্গে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তার ৪১ বছরের দায়িত্বের সমাপ্তিকে স্মরণীয় করে রাখতে এবং তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই ঘোড়ার গাড়িতে করে এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় মসজিদ কমিটির সদস্য, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















