রাজশাহীতে প্রেমের প্রলোভনে ফেলে সাবেক এক শিক্ষার্থীকে জিম্মি করে অর্থ আদায় ও শারীরিক নির্যাতনের অভিযোগে হানিট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরের শেখপাড়া এলাকার মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯), ভাটাপাড়া এলাকার আবু রায়হান (২৪), একই এলাকার শাহরিয়ার মনন (২৯) এবং বহরমপুর এলাকার জুনাইরা ইসলাম (২২)।
পুলিশ জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মির্জা মুজাহিদুল ইসলাম গাজীকে (২৮) প্রেমের প্রলোভন দেখিয়ে নগরের বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে নেওয়া হয়। সেখানে তাকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ ঘটনার তথ্য ও বিভিন্ন সূত্র যাচাই করে। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুমা মুস্তারী কালবেলাকে বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হানি ট্র্যাপের মাধ্যমে জিম্মি করে অর্থ আদায় ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সূত্রঃ কালবেলা




















