বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের শ্রমবাজার, অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে এবং তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক ও ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার আগ্রহ জানিয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে ওমানের আরেকটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়ে বাকি প্রক্রিয়াগুলো চূড়ান্ত করা হবে।
ওমানের ভিসা চালুর বিষয়ে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান শামা ওবায়েদ। তিনি বলেন, বিভিন্ন কারণে বর্তমানে ওমানের ভিসা বন্ধ রয়েছে। বাংলাদেশিদের জন্য নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ তৈরি করতে কূটনৈতিকভাবে চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী যাতে ওমানে বিভিন্ন খাতে কাজের সুযোগ পান, সে বিষয়েও ওমান সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে ওমানও আগ্রহ প্রকাশ করেছে এবং দুই দেশ বিষয়টি নিয়ে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়।
ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





















