নেত্রকোনার মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে এলাহি (৬০) নামে বৃদ্ধ বাবা খুনের ঘটনার খবর পাওয়া গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় মর্মান্তিক এ খুনের ঘটনা ঘটে। এরপর ঘাতক ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে মদন থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মদন পৌরসভার আশকিপাড়ায় বৃদ্ধ পিতা এলাহির সঙ্গে তার ছেলে ইয়াসিনের তর্কাতর্কি হয়।একপর্যায়ে ছেলে ইয়াসিন ক্রুদ্ধ হয়ে তার পিতাকে দা দিয়ে কুপিয়ে জখম করে।স্বজনরা আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মদন থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে ইয়াসিনকে আটক করে।
জানতে চাইলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । মামলার প্রস্তুতি চলছে।





















