এম কামাল :
নদী-খালের আঁকাবাঁকা জলপথ, কেওড়া-বাইনের সারি, রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির আর নানা প্রজাতির পাখি মিলিয়ে সুন্দরবন যেন প্রকৃতির এক অনন্য বিস্ময়। সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হলেও সেই ফুসফুসের যত্ন অনেক ক্ষেত্রে ঝুঁকির মধ্যে। পর্যটন শিল্প হিসেবে এর বহুমুখি বিকাশ যেমন প্রয়োজন তেমনি সুন্দরবনের স্বাতন্ত্র্য ধরে রেখে তা করা জরুরী। পরিকল্পিত অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ নৌযান, পর্যটকসেবা এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে সুন্দরবনের সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।

সুন্দরবন কেন বিশ্বমানের পর্যটন কেন্দ্র হতে পারে
সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন যা এক বিশ্ব দরকারে এক বিশেষ স্বাতন্ত্র্য এনে দিয়েছে। এর ভৌগলিক গঠন একটি দেশের পুরো উপকূলকে প্রাকৃতিক দূর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। ইউনেস্কোর তথ্যনুযায়ী এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রকাশনার তথ্যানুযায়ী, পশুর, শিবসা, রায়মঙ্গল আড়পাঙ্গাসিয়া, হরিণভাঙ্গা,বলেশ্বর, মালঞ্চসহ সুন্দরবনে ছোট-বড় ৪০০-৪৫০ টি নদী ও খাল ও জলপথ রয়েছে। মাছরাঙা, সাদা বক, ধূসর বক, পানকৌড়ি, শঙ্খচিল, ঈগল, চিল, বনমোরগ, টিয়া, ঘুঘু, হাড়গিলা, কাঠঠোকরাসহ ২৬০-৩১৫ প্রজাতির পাখির উল্লেখ পাওয়া যায়। সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, বাইন, পশুর, গোলপাতাসহ ৩৩৪ প্রজাতির উদ্ভিদ রয়েছে। রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর, বন্য শূকর, মেছোবাঘ, বনবিড়াল, কুমির, অজগর, ডলফিনসহ স্তন্যপায়ী,সরীসৃপ এবং উভচর প্রাণীর বসবাস সুন্দরবনে। ফলে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের জন্য সুন্দরবনের রয়েছে স্বতন্ত্র পরিচয়।

শুধু প্রাণী,গাছপালা নদী নয় পর্যটকদের কাছে সুন্দরবনের রয়েছে ভিন্ন অবেদন। পর্যটনসংশ্লিষ্টদের কাছে সুন্দরবনের আকর্ষণ শুধু বন্য প্রাণী দেখা নয়। এখানে রয়েছে নদীপথে ভ্রমণ, বনের নীরবতা উপভোগ, সূর্যোদয়-সূর্যাস্ত দেখা, স্থানীয় মানুষের জীবনযাত্রা, বনজীবীদের সংস্কৃতি ও ঐতিহ্য এবং সুন্দরবন ঘিরে হাজার বছরের প্রত্নতাত্নিক ইতিহাস।
রয়েছে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র
সুন্দরবনের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে করমজল। মোংলা থেকে তুলনামূলক কাছাকাছি হওয়ায় সুন্দরবনের সবচেয়ে সহজে ভ্রমণযোগ্য পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম। এক দিনে ভ্রমণ করা সম্ভব স্পটটি। এ খানে রয়েছে বন বিভাগের পর্যটন ও রেঞ্জ স্টেশন, কুমির প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র। ফলে পর্যটকরা কুমির দেখার সুযোগ পাবেন। পাশাপাশি হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী, কাঠের তৈরি হাঁটার পথ ও পর্যবেক্ষণের ব্যবস্থা। মোংলা থেকে নৌযানে সহজে যাতায়াত করা যায় করমজলে। এ ছাড়া সুন্দরবনের অন্যতম পর্যটন স্পটগুলো হলো হারবাড়িয়া, কটকা, কচিখালী, হিরণ পয়েন্ট।
পর্যটনে সীমাবদ্ধতা কোথায়
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে সুন্দরবন ভ্রমণ করেছেন ২ লাখ ১১ হাজার ৫৭ জন পর্যটক। তাঁদের মধ্যে ২ হাজার ৬২২ জন ছিলেন বিদেশি। ২০২২-২৩ অর্থবছরে পর্যটকসংখ্যা ছিল ২ লাখ ১৬ হাজার ১৪৩ জন। তবে ২০২৪-২৫ অর্থবছরে পর্যটকের সংখ্যা প্রায় এক লাখে নেমে আসার তথ্যও রয়েছে।
সুন্দরবনে পর্যটনের ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা। ২০২৪ সালের আগস্ট মাসের পর সুন্দরবনে জলদস্যুদের নিয়ন্ত্রণ বেড়েছে। পর্যটক অপহরণের ঘটনাও রয়েছে। এ ছাড়া অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে। পর্যটন স্পটগুলোতে আধুনিক ও নিরাপদ জেটি, পর্যাপ্ত বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, জরুরি যোগাযোগ এবং বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। এ ছাড়া সুন্দরবনের জীব বৈচিত্র্য নিরাপদ রেখে পরিবেশ বান্ধব নৌযান প্রয়োজন। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত গাইড এবং গভীর অরণ্যে ভ্রমণের জন্য সঠিক তথ্য ব্যবস্থার ঘাটতি রয়েছে। দেশি বিদেশি পর্যটকদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অবাসন সংকট রয়েছে। বিশেষত সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ এবং কয়রা উপজেলায় সেই অর্থে সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় ভালো কোন হোটেল মোটেল গড়ে ওঠেনি।
উত্তরণে প্রয়োজন কাঠামোগত সংস্কার
গতানুগতিক অবকাঠামো নির্মাণ না করে পরিবেশবান্ধব পরিকল্পনা জরুরি। পর্যটন স্পটগুলোতে সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা, প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশের ক্ষতি কম হয় এমন নৌযান চালু করা প্রয়োজন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড উড ডিসিপ্লিনের অধ্যাপক ড. ওয়াসিউল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের জন্য প্রণীত ২০ বছর মেয়াদী ‘সুন্দরবন ইকোট্যুরিজম মাস্টারপ্লান(২০২৫-২০৪৫) প্রণিত হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশের কথা বলা হয়েছে।
বনের ওপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় মানুষকে পর্যটনে যুক্ত করা
সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষকে তাদের জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরতা কমাতে হবে। এ জন্য তাদেরকে পর্যটনের সাথে সম্পৃক্ত করার পরামর্শ দেয়া হয়েছে। মাস্টারপ্লানে বলা হয়েছে স্থানীয়দের মাধ্যমে হোম স্টে ও ইকোটুরিজম পরিচালনা, স্থানীয় খাবার সংস্কৃতি ও হস্তশিল্পকে পর্যটনের সাথে যুক্ত করা, তরুণদের পর্যটন গাইড হিসেবে প্রশিক্ষণ এবং এ খাত থেকে আয়ের অংশ স্থানীয় মানুষের কাছে পৌঁছানো।
তিনটি প্রবেশপথে তথ্য কেন্দ্র স্থাপন
সুন্দরবন ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও সহজ করতে মোংলা, মুন্সিগঞ্জ ও শরণখোলায় তথ্য কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে। সেখানে পর্যটকরা নৌযান, প্রশিক্ষিত গাইডসহ স্থানীয় পর্যটন সেবার তথ্য পাবেন।
পর্যটন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ
সুন্দরবনকে কেবল আয়ের উৎস না বানিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে পর্যটন পরিচালনার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া পর্যটক বাড়ানোর প্রতিযোগিতায় সুন্দরবনের পরিবেশ যেন বিপন্ন না হয়, সেটিই সবচেয়ে বড় বিবেচ্য। নৌযানের অতিরিক্ত শব্দ, প্লাস্টিক ও খাদ্যবর্জ্য, বন্য প্রাণীর আবাসস্থলে মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশ জীববৈচিত্র্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে পর্যটন ব্যবস্থাপনায় কঠোর পরিবেশগত নীতিমালা, নিয়মিত তদারকি, প্রশিক্ষিত গাইড এবং পর্যটকদের জন্য আচরণবিধি নিশ্চিত করা প্রয়োজন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান ঢাকা মেইলকে বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগ সর্বদাই তৎপর থাকে। বন বিভাগ থেকে নির্দেশনা দেয়া আছে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে এবং সাথে বয়া থাকতে হবে। সুন্দরবনের দূষণ রোধে অনটাইম প্লাস্টিক বর্জ পরিবহন নিষিদ্ধ।
পর্যটকদের জরুরী উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এ ধরণের পরিস্থিতি তৈরি হলে কোস্ট গার্ডের সহযোগিতা নেয়া হয়। তাদের যে ভাসমান বিওপি আছে সেখান থেকে জরুরী সহায়তা পাওয়া যায়। পাশাপাশি কোস্টগার্ডের সাথে আমাদের জরুরী এসকট থাকে।
























