মেঘনার পাড়জুড়ে সারি সারি বাঁশের মাচা। কোথাও মাছ পরিষ্কার ও বাছাইয়ে ব্যস্ত শ্রমিকেরা, কোথাও রোদে শুকানো হচ্ছে নানা প্রজাতির মাছ। আবার কোথাও মাটির মটকায় বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী চ্যাপা শুঁটকি। নদীর মাছ, মানুষের শ্রম আর বংশপরম্পরায় অর্জিত অভিজ্ঞতায় এভাবেই গড়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরের শুঁটকি শিল্প। স্থানীয়ভাবে পরিচিত এই জনপদের শুঁটকি এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।

শীত মৌসুম শুরু হলেই লালপুরে বাড়তে থাকে শুঁটকি তৈরির কর্মব্যস্ততা। মেঘনা নদীসহ আশপাশের বিভিন্ন জলাশয় থেকে সংগ্রহ করা দেশি মাছ প্রথমে বাছাই করা হয়। এরপর মাছের ধরন অনুযায়ী পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়। কোনো মাছের নাড়িভুঁড়ি ফেলে দেওয়া হয়, আবার কোনো মাছ কেটে বা চিরে রোদে শুকানোর উপযোগী করা হয়। পরে বাঁশের তৈরি উঁচু মাচা, স্থানীয় ভাষায় পরিচিত ‘ডাঙ্গি’তে মাছ বিছিয়ে দেওয়া হয়। প্রখর রোদে কয়েক দিন শুকানোর পর প্রস্তুত হয় বাজারজাত করার উপযোগী শুঁটকি।

তবে লালপুরের শুঁটকি শিল্পের বিশেষ আকর্ষণ ঐতিহ্যবাহী চ্যাপা বা মটকা শুঁটকি। এ শুঁটকি তৈরির পদ্ধতি সাধারণ শুঁটকির চেয়ে আলাদা। বিশেষ করে পুঁটি মাছ শুকিয়ে মাটির মটকায় ভরে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়। প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায় তৈরি হয় বিশেষ স্বাদ ও ঘ্রাণযুক্ত চ্যাপা শুঁটকি, যা ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়।
স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, লালপুরে দেশি ও সামুদ্রিক মিলিয়ে প্রায় ১৬ থেকে ১৮ প্রজাতির মাছের শুঁটকি উৎপাদন করা হয়। এর মধ্যে পুঁটি, মলা, টেংরা, বাঁশপাতি, চিংড়ি ও চ্যাপা শুঁটকির চাহিদা তুলনামূলক বেশি। এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি প্রতিবেশী ভারতসহ কয়েকটি দেশেও রপ্তানি করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থেকে বছরে প্রায় শত কোটি টাকার শুঁটকি সরবরাহ করা হয়। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। শুঁটকি উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় অনেক পরিবার। বিশেষ করে মৌসুমি এ শিল্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লালপুরের শুঁটকি ব্যবসায়ী ও আড়তদার নিখিল চন্দ্র দাস বলেন, এখানকার শুঁটকির চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও রয়েছে। তবে ব্যবসা সম্প্রসারণে পুঁজির সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হলে ব্যবসায়ীরা উৎপাদন ও সরবরাহ আরও বাড়াতে পারবেন।
এদিকে শুঁটকি উৎপাদনের সম্ভাবনা থাকলেও চলতি মৌসুমে উৎপাদন কিছুটা কম হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জানান, গত বছরের তুলনায় চলতি বছর শুঁটকি উৎপাদন কিছুটা কম হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকঋণের বিষয়ে ব্যবসায়ীদের একাংশ সহযোগিতা নিতে আগ্রহী হলেও অন্য একটি অংশ নিরুৎসাহিত করছেন। ফলে ঋণ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের মতে, লালপুরের শুঁটকি শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও বহু মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। যথাযথ সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋণ, আধুনিক সংরক্ষণব্যবস্থা এবং মানসম্মত প্রক্রিয়াজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে এ শিল্পের পরিধি আরও বাড়ানো সম্ভব।
মেঘনার বুক থেকে উঠে আসা মাছের স্বাদ ও স্থানীয় মানুষের শ্রমে সমৃদ্ধ লালপুরের শুঁটকি শিল্প আজ সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে দেশের অন্যতম শুঁটকি উৎপাদন ও রপ্তানিকেন্দ্র হিসেবে লালপুর আরও পরিচিতি পাবে—এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের।
























