দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে শনিবার (২৯ আগস্ট) ও রোববার (৩০ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে দেশের কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে অঞ্চলভেদে বৃষ্টির মাত্রায় পার্থক্য থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

























