নিজস্ব প্রতিবেদক:
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ নিশ্চিত করা গেলে প্রতিটি নাগরিকের স্বার্থও রক্ষা করা সম্ভব হবে। এ লক্ষ্যেই গড়ে তুলতে হবে সবার জন্য বাংলাদেশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার লক্ষ্য হওয়া উচিত সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে হলে যুবকদেরই এগিয়ে আসতে হবে।’
দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ
যুবসমাজের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ নিজেদের পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁরা মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং স্বেচ্ছায় বিভিন্ন মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের জন্য তাঁদের এই অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ বিজয়ীদের উদ্দেশে তিনি বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাঁরা সাফল্য অর্জন করেন, তাঁদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও তরুণেরা সরাসরি মাঠে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবীণদের মেধা, অভিজ্ঞতা ও পরামর্শও এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বড় ধরনের পরিবর্তন ও অগ্রগতির জন্য তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ অপরিহার্য। এই সম্ভাবনাকে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল
তরুণ উদ্যোক্তা ও মেধাবীদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নে সরকার কাজ করছে। দেশের প্রতিভাবান তরুণদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ লক্ষ্যে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে এই তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। তবে শুধু ব্যক্তিগত উন্নতির কথা ভাবলে চলবে না; দেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
১৫ জন পেলেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রতিটি সংগঠনকে দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত তিনজন তাঁদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এ ছাড়া তরুণ ও যুবকদের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তরুণদের দেশপ্রেম, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখেই সবাইকে এগিয়ে যেতে হবে।
























