শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ২টায় ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া পয়েন্টে স্থানীয় যুবকদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আতিকুর রহমান রুয়েব ও যুবক খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু এবং পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল বাছিত।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক নুর আহমেদ মনাই, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান আখতার, ক্রীড়াবিদ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট মহল্লার মুরব্বি ও যুবসমাজের সদস্যরা।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





















