পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর বিশেষ নিরাপত্তা পরিকল্পনার কথা জানানো হয়।
ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রংপুর এসআরবি-১৩ নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রোহানী পারভেজ রনী।
তিনি জানান, সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে পঞ্চগড় জেলার ২৬৮টি পূজামন্ডপে বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। এই পুরো সময়জুড়ে যেকোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবি’র স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোম্পানি কমান্ডার বলেন, “মন্ডপগুলোতে পর্যাপ্ত টহল পরিচালনার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নাশকতামূলক কর্মকান্ড বা যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়ে এএসপি আবু রোহানী পারভেজ রনী বলেন, “অনলাইনে যেকোনো উসকানিমূলক তথ্য যাচাই না করে শেয়ার করবেন না। সব ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবি’র
সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
ব্রিফিংয়ের সময় এসআরবি’র সদস্যবৃন্দ, স্থানীয় জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসআরবি’র পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করা হয়।





















