সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সুইস ব্যাংকে অর্থ জমা রাখা এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ।
তিনি জানান, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের বিভিন্ন অভিযোগ পেয়েছে দুদক। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, বিভিন্ন সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের টেন্ডার, নিয়োগ-বদলি এবং পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

দুদক কর্মকর্তা আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, সায়েদাবাদ পানি শোধনাগর এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে।
তানজির আহমেদ বলেন, বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করে পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সম্পদ গড়ে তোলার পাশাপাশি সুইস ব্যাংকে অর্থ জমা রাখার অভিযোগ রয়েছে।
এ ছাড়া আসিফ মাহমুদের বাবা, এপিএস ও পিওর বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ঘুষ লেনদেনে তদবির এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
দুদকের জনসংযোগ বিভাগের এই কর্মকর্তা বলেন, অভিযোগটি যাচাই-বাছাই শেষে চলমান অনুসন্ধানের সঙ্গে সংযুক্ত করে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সিটি পোস্ট/


























