বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্ব দীর্ঘদিনের এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
ঢাকার বনানীর শেরাটনে বাংলাদেশ-মালয়েশিয়া চ্যাম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালেশিয়া পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছেন। দুই দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি ও দেশটি থেকে পণ্য আমদানির ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে।
























