কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মোহাম্মদ মনসুর আলী (৬০) নামের এক পৌর কর্মচারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহনেওয়াজ সানি (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
৭ নভেম্বর দুপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলাকালে মাদক সেবন করতে যায় যুবক শাহনেওয়াজ সানি। এ সময় বাঁধা প্রদান করে পৌর কর্মচারী মনসুর আলী। পরে কিছুক্ষণ পর ছুরি নিয়ে এসে মনসুর আলীকে আঘাত করে ওই যুবক। এ সময় তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও আঘাত করে ঘাতক যুবক। স্থানীয়রা মনসুর আলী ও স্ত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুনসুর আলীকে মৃত ঘোষণা করে।
নিহত মনসুর আলী কুড়িগ্রাম সদর উপজেলা বাস টার্মিনাল এলাকার ছয়ানিপাড়ার বাসিন্দা। আটক শাহনেওয়াজ সানি পৌরসভার সরদারপাড়া এলাকার মোহাম্মদ জুলহাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আটক শাহনেওয়াজ সানিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কী কারণে ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে সে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।
এদিকে, নিহতের মরদেহ দেখতে কুড়িগ্রাম সদর হাসপাতালে যান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় তিনি স্বজনদের সান্ত্বনা দেন। এছাড়া হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।




















