ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১২ নম্বর বাসুদেব ইউনিয়নকে দ্বিখণ্ডিত করে নতুন বরিশল ইউনিয়ন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পূর্বের বাসুদেব ইউনিয়ন বহাল রাখার দাবিতে সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাসুদেব ইউনিয়ন একটি স্বতন্ত্র ইউনিয়ন হিসেবে পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে ইউনিয়নটিকে বিভক্ত করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত এলাকাবাসী মেনে নেবে না। জনগণের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করছেন।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পূর্বের বাসুদেব ইউনিয়ন বহাল রাখার দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচিও চলবে বলে জানান আন্দোলনকারীরা।
এলাকাবাসীর অভিযোগ, কবির আহমেদ ভূইয়ার উদ্যোগে বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করে বরিশলকে পৃথক ইউনিয়নে রূপান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়ে তারা সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আন্দোলনকারীরা জানান, তাদের দাবি কোনো নতুন ইউনিয়ন গঠনের বিরোধিতা নয়; বরং দীর্ঘদিনের বিদ্যমান বাসুদেব ইউনিয়নের অখণ্ডতা ও পূর্বের কাঠামো বহাল রাখা। এ দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।




















