সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
নিহত মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, চার দিন আগে নিজের জমিতে কীটনাশক দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন মনোরঞ্জন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
সোমবার সকালে শৈলখালী এলাকার মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকেরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মনোরঞ্জনের বলে শনাক্ত করেন।
তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





















