রাজন্য রুহানি, জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২৫ অক্টোবর রবিবার দুপুরে জামালপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে এই তথ্য। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার বৈষ্ণব পাড়া ও লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধারসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, শনিবার রাত ৮টা ২০ মিনিটে ডিবি-১-এর এসআই মো. শাহজাহানের নেতৃত্বে বকশীগঞ্জের বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উপজেলার লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বকশীগঞ্জের বৈষ্ণব পাড়ার সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), গাজীপুরের জয়দেবপুরের দরগারছালা এলাকার রুবেল মিয়া (২৭), বকশীগঞ্জের জানকিপুর মৃধাপাড়ার ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া এলাকার আমান উল্লাহ উদয় (২৭)।
অভিযানে আইস ভদকা, রয়েল স্ট্যাগ, এসি ব্ল্যাক, ম্যাকডওয়েলস ও আইকনিক হোয়াইট ব্র্যান্ডের মোট ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া মদ পরিবহন ও চোরাচালানে ব্যবহারের অভিযোগে একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।
এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারিরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও এর সঙ্গে জড়িত চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।























