শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়াসহ বিভিন্ন থানায় দায়ের করা মোট ৯টি মামলার আসামী আমের মক্কী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
ছাগলনাইয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আমের মক্কীর বিরুদ্ধে দাগনভূঞা থানায় দুটি, ফেনী সদর থানায় তিনটি এবং ছাগলনাইয়া থানায় চারটিসহ মোট ৯টি মামলা রয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, আমের মক্কী মাদক চোরা চালান, মাদক সেবন ও বালু কাণ্ডের বিভিন্ন অপকর্মের সহিত জড়িত আছে মর্মে স্থানীয়ভাবে তথ্যসূত্র রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার লোক ভীতসন্ত্রস্ত ও অসন্তুষ্ট বলে মুখ খুলতে সাহস পায় না বলে জানা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মক্কীর গ্রেপ্তারের খবর শুনে এলাকার যুবকরা এলাকাবাসীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।




















