স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান:
বগুড়া সিটি করপোরেশনের ২১টি ওয়ার্ডে সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে ৪৩টি প্যাকেজের দরপত্র প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব প্রকল্পের অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ২০ কোটি ৯২ লাখ ৫১ হাজার ২৯৭ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৩২ টাকা ১৫ পয়সা।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ই-টেন্ডারের মাধ্যমে প্যাকেজগুলোর লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
সড়ক নির্মাণ ও সংস্কার: প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিসি, সিসি, বিএফএস ও আরসিসি সড়ক নির্মাণ ও সংস্কার করা হবে। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে হাকিরমোড় থেকে আলোর মেলা স্কুল হয়ে বিসি রোড সংস্কার, সাতমাথা থেকে গালাপট্টি মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন এবং নিশিন্দারা, ঠনঠনিয়া, ফুলবাড়ী, গোদারপাড়া ও ভাটকান্দি এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কার।
ড্রেন নির্মাণ: পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে বিভিন্ন ওয়ার্ডে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এর মধ্যে আতাপাড়া পূর্বপাড়া, ভাণ্ডারী বালিকা উচ্চবিদ্যালয় থেকে বাইতুল জামে মসজিদ, লাইটহাউস থেকে মদিনা মসজিদ এবং ভাটকান্দি এক্স-ড্রেন থেকে করতোয়া নদী পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ রয়েছে।
অন্যান্য অবকাঠামো: প্রকল্পের আওতায় বর্জ্য স্থানান্তর কেন্দ্র, আরসিসি র্যাম্প, পার্কিং অবকাঠামো ও বসার স্থান নির্মাণের প্যাকেজও রাখা হয়েছে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজে অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।





















