নেত্রকোনা প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজার অন্যতম প্রধান আকর্ষণ ‘কুমারী পূজা’। সনাতন হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার প্রতিচ্ছবি হিসেবে এক কিশোরী বা কন্যাকুমারীকে মাতৃরূপে আরাধনা করা হয়।
সোমবার(১৯ অক্টোবর )সকালে জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী সর্ববনিকের বাসার পারিবারিক মন্দিরে এ পূজার আয়োজন করা হয়।
মহাঅষ্টমী পূজা চলাকালে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। শাস্ত্রীয় রীতি মেনে ষোড়শ উপচারে পুজো করা হয় দেবী রূপী কুমারীকে।
চন্দন, পুষ্পমাল্য ও নতুন বস্ত্রে সাজিয়ে তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নেন সর্বস্তরের ভক্তরা।
পূজা শেষে আগত দর্শনার্থী ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
পূজারী রাজীব বনিক জানান,কয়েক পুরুষ ধরে সমাজে নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন, মাতৃভাব জাগ্রত করা এবং বিশ্বশান্তি কামনায় প্রতিবছর আমাদের মন্দিরে এই পূজার আয়োজন করা হয়ে থাকে। সবশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।






















