স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসান:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী যমুনা লাইন নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহাবুব হাসান (৩০) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৮ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার ভরিয়া-পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৪-৯৯০১ নম্বরের যমুনা লাইন কোচটি ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। কোচের বি-৩ আসনে বসা ওই যাত্রীর দেহ তল্লাশি করে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো একটি খাকি খামের মধ্যে থাকা নীল রঙের জিপারযুক্ত আটটি পলিপ্যাকেটে রাখা ছিল বলে জানানো হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে সিমকার্ডসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার মাহাবুব হাসান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার ভদ্রেশ্বরী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত কালাম আলী এবং মাতার নাম মোছা. রহিমা আক্তার।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।






















