লক্ষ্মীপুর প্রতিনিধি :
মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশ জাতীয় দলের দলনেতা হিসেবে মো. আইমান মাহমুদ এবং প্রতিযোগী হিসেবে মিনহাজুল ইসলাম তাহমিদ নির্বাচিত হয়েছেন। দুজনই লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
আগামী ২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত রাশিয়ার সোচি অঞ্চলের সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিতব্য মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড (MY-GEO 2026)-এ বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে অংশ নিতে যাচ্ছেন তাঁরা।
লক্ষ্মীপুরের জন্য গর্বের বিষয় হলো, আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়া দুজনই লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্বের সুযোগ অর্জন তাঁদের শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য সাফল্য।
মো: আইমান মাহমুদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগে অধ্যয়নরত। তিনি বাংলাদেশ জাতীয় দলের অন্যতম দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মিনহাজুল ইসলাম তাহমিদ বর্তমানে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে অধ্যয়নরত। তিনি বাংলাদেশ দলের ছয়জন মূল প্রতিযোগীর একজন হিসেবে আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর (শনিবার) জিরো কম্পিটিশনস লিমিটেডের প্রকাশিত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত টিম সিলেকশন টেস্টের (টিএসটি) মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছে। এ বাছাই প্রক্রিয়ায় ভূগোলবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে সামগ্রিক যোগ্যতা মূল্যায়ন করা হয়।
এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ছয়জন প্রতিযোগী ও তিনজন দলনেতাসহ মোট নয় সদস্যের একটি দল অংশ নেবে। দলটির তিন দলনেতার একজন হিসেবে দায়িত্ব পালন করবেন লক্ষ্মীপুরের আইমান মাহমুদ। অপরদিকে প্রতিযোগী হিসেবে দেশের হয়ে মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখার সুযোগ পাচ্ছেন একই জেলার মিনহাজুল ইসলাম তাহমিদ।
বিশ্বের বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অলিম্পিয়াডে ভূগোলের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মানচিত্র বিশ্লেষণ, স্যাটেলাইট চিত্রের ব্যবহার, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হবে। প্রতিযোগিতাটি তাত্ত্বিক, মাল্টিমিডিয়া ও ব্যবহারিক—এই তিনটি প্রধান পর্বে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে ভৌগোলিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
বাংলাদেশ দলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের কার্যক্রম সমন্বয় করছে জিরো কম্পিটিশনস লিমিটেড ও সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN)। এ কার্যক্রমে সহযোগিতা করেছে রাশিয়ান হাউস ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
আগামী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি নিজ জেলা লক্ষ্মীপুরের পরিচিতি বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পাচ্ছেন আইমান ও তাহমিদ।
লক্ষ্মীপুরের এ দুই তরুণের আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জেলার শিক্ষার্থীদের সম্ভাবনা ও মেধার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
























