আজিজুর রহমান(হবিগঞ্জ)
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সেক্টরের অধীনে মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে একাধিক অত্যাধুনিক ড্রোন।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করে মণ্ডপ সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
মিডিয়া ব্রিফিংয়ে কর্নেল তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)—এই তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের ভেতরে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ৩১টি মণ্ডপ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া বিজিবির এই অতিরিক্ত নিরাপত্তা দায়িত্ব আগামী ২২
অক্টোবর ২০২৬ পর্যন্ত জারি থাকবে।
বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।
ব্রিফিংয়ে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ মালামাল আটক করা হয়েছে এবং ৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।





















