রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শাহরিয়ার হোসেন রিয়াজ (৩৪) নামের এক যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৫ অক্টোবর) বৃহস্পতিবার মৃত্যুবরণ করে । তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শোকের ছায়া দেখা দেয়।
জানা গেছে, রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামের মিয়াজি বাড়ির মনির হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন রিয়াজ কাজ শেষে বাসায় ফেরার পথে গত ৮ মাস আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তখন তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছু উন্নতি হলে সম্পূর্ণ সুস্থ করার জন্য গত ৮ মাসে তার চার বার অপারেশন করা হয়।
সর্বশেষ গত সপ্তাহে চতুর্থবার অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর জ্ঞান না ফেরায় ডাক্তাররা গতকাল বৃহসপতিবার (১৫ অক্টোবর) তাকে মৃত্যু ঘোষণা করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই প্রবাসী।
মৃত্যুর বিষয়টি তার বাবা মনির হোসেন পাটোয়ারী গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রিয়াজ দুই সন্তানের জনক, তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, নিহতের লাশ দেশে আনার জন্য প্রশাসনিক ভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।





















